Help Poor people to Donate Here

মালয়েশিয়ায় প্রথম শ্রমিক দলটি যাবে ২৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস :
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়া প্রথম শ্রমিক দলটি আগামী ২৫ এপ্রিল যাত্রা করবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রী গতকাল তার মন্ত্রণালয়ের অফিসে সিআইপি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে একথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ার হাইকমিশন থেকে ভিসা সংগ্রহের পর চাকরি প্রত্যাশী প্রথম দলটি আগামী ২৫ এপ্রিল মালয়েশিয়া যাবে। গতকাল বুধবার অথবা আজ বৃহস্পতিবার তাদের ভিসা পাবার কথা রয়েছে। মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় ভিসা এনডোর্সমেন্টের জন্য দুইশত শ্রমিকের ট্রাভেল ডকুমেন্ট মালয়েশিয়ার হাইকমিশনে জমা দিয়েছে। মোশাররফ বলেন, প্রত্যেক শ্রমিকের মালয়েশিয়া যেতে মোট খরচ হবে ৩৯ হাজার টাকা। এর আগে ঘোষণা দেয়া হয়েছিল প্রতি শ্রমিকের জন্য খরচ হবে ৪০ হাজার টাকা। ঘোষিত টাকার চেয়ে ১ হাজার টাকা কম খরচ হচ্ছে। মন্ত্রণালয় দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের এবং বিদেশী মুদ্রা আহরণের স্বীকৃতি হিসেবে ২০১০ সালের জন্য ১৩ জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপির মর্যাদা দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ আনুষ্ঠানিকভাবে তাদের এবং তাদের প্রতিনিধির হাতে সিআইপি কার্ড তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রকল্পে এনআরবি কোটা নিশ্চিত করেছে। অনুষ্ঠানে কার্ডধারী ড. এমজি মওলা মিয়া মোটর গাড়ি আমদানির জন্য কর রেয়াতসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার তার রাশিয়া প্রবাসী ভাই মনোয়ার হোসেনের পক্ষে সিআইপি কার্ড গ্রহণ করেন। এবারে সিআইপি কার্ডপ্রাপ্তরা হলেন যুক্তরাজ্যের মোহাম্মদ আবদুর রহিম ও ড. এমজি মাওলা মিয়া, সৌদি আরবের মোহাম্মদ লিয়াকত আলী ও কাজী নুরুল আলম, সংযুক্ত আরব আমিরাতের এম রেজাউল আজিম, এএইচএম তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী, ইতালির মোহাম্মদ ইদ্রিস ও জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন, ওমানের বেগম মেহেরুননেসা আখতার, অস্ট্রেলিয়ার সিনথিয়া রহমান, কুয়েতের এম আবদুল্লাহ এবং রাশিয়ার মনোয়ার হোসেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ৪১টি আবেদনের মধ্য থেকে সিআইপি কার্ডের জন্য মনোনীত করা হয়। কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমেদ খান জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

No comments

Please do not inter any spam

Powered by Blogger.